
-
- ভ্যানেসা বুশশ্লুইটার
- Role,লাতিন আমেরিকা সম্পাদক, বিবিসি নিউজ অনলাইন
- ৪ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে ‘আটক’ করেছে।
মাদুরো ও তার স্ত্রীকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল।
ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটকের পর ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার-এ-লাগোসে দেওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের এখন নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। সেখানে তারা আমেরিকান বিচারের মুখোমুখি হবেন।
- যুক্তরাষ্ট্র “ভেনেজুয়েলা ও তার নেতার বিরুদ্ধে বৃহৎ পরিসরের হামলা সফলভাবে সম্পন্ন করেছে”
- মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে
“ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো,” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বর্তমানে যারা রয়েছে, তাদের সরিয়ে দিয়ে ভেনেজুয়েলা পরিচালনা করার জন্য লোকজন মনোনীত করার কাজ চলছে বলে তিনি জানান।
“প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা,” বলেন তিনি।